© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

শেয়ার করুন:
ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২১ জুলাই, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

ফাইনালের পর দেওয়া প্রথম মন্তব্যে পারেদেস ওই ঘটনার জন্য ক্ষমা চাননি। বরং পুরো টুর্নামেন্টে দলের লড়াই ও পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন। খবর গোল ডটকমের।

ম্যাচে দেখা যায়, পারেদেস স্পেনের কয়েকজন খেলোয়াড়ের দিকে লাথি ও ঘুষি ছুড়ছেন। একপর্যায়ে তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্পেনের উদযাপনে বিঘ্ন ঘটে।

এদিকে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও স্পেনের মিডফিল্ডার রদ্রির দিকে ঘুষি ছুড়তে দেখা যায়, যা সংঘর্ষ আরও বাড়িয়ে দেয়।

প্রাথমিকভাবে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে খবর প্রকাশিত হলেও পরে সেই লাল কার্ড অফিসিয়াল রেকর্ড থেকে সরিয়ে ফেলা হয়। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ফিফা তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় পারেদেস লেখেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা। সবসময়ই তোমাকে ভালোবাসি। আমাদের দেশকে প্রাপ্য আনন্দ এনে দিতে না পারার কষ্ট নিয়ে লিখছি।’

তিনি আরও বলেন, ‘তবে আমি মাথা উঁচু করে লিখছি। কারণ আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়েছি এবং আবারও দেশের পতাকাকে সর্বোচ্চ স্থানে তুলে ধরেছি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’

পারেদেস আরও যোগ করেন, ‘এই দলের প্রতিটি খেলোয়াড় শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জার্সির জন্য লড়েছে। ইতিহাসের সেরা আর্জেন্টিনা দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের।’

তবে লাল কার্ড বাতিল হলেও ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের পর সংঘটিত ঘটনাগুলোর বিষয়ে তারা আনুষ্ঠানিক তদন্ত চালাবে।

টিকে/

মন্তব্য করুন