© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ বছরের চুক্তিতে খালেদ মাহমুদকে নিয়োগ দিয়েছে বিসিবি

শেয়ার করুন:
২ বছরের চুক্তিতে খালেদ মাহমুদকে নিয়োগ দিয়েছে বিসিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ২৩ জুলাই, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। দুই বছরের চুক্তিতে তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক (কনসালট্যান্ট) হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

দীর্ঘদিন জাতীয় দল, গেম ডেভেলপমেন্ট এবং বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করা খালেদ মাহমুদের এই প্রত্যাবর্তনকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বোর্ড।



নিজের নতুন দায়িত্ব নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই (বিসিবি সভাপতি) তামিমের সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের কাজই আমি করতে পছন্দ করি। কোচিং জীবনের বেশিরভাগ সময়ই আমি ডেভেলপমেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করেছি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালেও এই পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ের সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ। সেই সাফল্যের পেছনে তার প্রশাসনিক ও পরিকল্পনাগত ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হয়।

বোর্ড ছাড়ার পরও তিনি বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কোচ হিসেবে কাজ চালিয়ে গেছেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বোর্ড ছাড়ার পরও আমি মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কাজ করেছি। নতুন এই দায়িত্ব আমার জন্য আদর্শ। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারব।’

বিসিবি সূত্রে জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা বিবেচনা করেই তাকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বোর্ডের বিশ্বাস, তৃণমূল ও বয়সভিত্তিক পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে খালেদ মাহমুদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আগের বোর্ডের সময় একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি বয়সভিত্তিক ক্রিকেটের কাঠামো আরও শক্তিশালী করার যে পরিকল্পনা নিয়েছে, তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই খালেদ মাহমুদের এই নিয়োগকে দেখা হচ্ছে। বোর্ডের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় দলের জন্য আরও দক্ষ ও প্রস্তুত ক্রিকেটার উঠে আসবে।

আরআই/এসএন

মন্তব্য করুন