মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়
ছবি: সংগৃহীত
১০:০৩ এএম | ২৪ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারোনোর ক্ষত এখনো শুকায়নি আর্জেন্টিনার। তবে লিওনেল স্কালোনির শিষ্যদের ‘প্রতিশোধের’ জন্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এ বছরই ফের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এবারের মঞ্চটা ফিনালিসিমা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আবারও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল।
আগের সূচি অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইলে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতারে তা আয়োজন সম্ভব হয়নি। কাতারে খেলা না হলে কোথায় হবে, তা নিয়ে পরবর্তীতে একমত হতে পারেনি ফিনালিসিমা সংশ্লিষ্ট পক্ষগুলো। স্পেনের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু বিবেচনায় ছিল, আর্জেন্টিনা ভেন্যু হিসেবে চেয়েছিল বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম। কিন্তু শেষ পর্যন্ত সবাই ঐক মত্যে পৌঁছাতে পারেনি।

তবে এখন নতুন করে বছরের শেষ দিকে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিশ্বকাপ ফাইনালের পর দুই দলের আরেকটি লড়াই দেখার সুযোগ পেতে পারেন ফুটবলপ্রেমীরা।
মার্কার প্রতিবেদনের প্রকাশিত সূচি অনুযায়ী, এ বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ের মধ্যেই ম্যাচটি হতে পারে।
এফআর/এসএন