© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনচেলত্তির পর ইতালির কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন গার্দিওলা

শেয়ার করুন:
আনচেলত্তির পর ইতালির কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন গার্দিওলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ এএম | ২৫ জুলাই, ২০২৬
শুরুতে শোনা যাচ্ছিল ইতালির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা। যদিও সেই তালিকায় ছিলেন আরও দুজন। পরবর্তীতে গার্দিওলার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগের কথা জানান ইতালিয়ান কিংবদন্তি পাউলো মালদিনি। তবে হেভিওয়েট দুই কোচই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এক প্রতিবেদনে বলছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) নতুন ডিরেক্টর মালদিনি দুই সপ্তাহ আগে আনচেলত্তির সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন। ওই সময় ব্রাজিল নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিশ্চিত করে। তবে আন্তরিকতার সঙ্গে তাদের ধন্যবাদ জানিয়ে ব্রাজিলের দায়িত্ব না ছাড়ার কথা জানিয়ে দেন আনচেলত্তি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মালদিনি বলেন, ‘উচ্চাভিলাষী প্রকল্প’–এর অংশ হিসেবে বিশ্বের সেরা কোচদের দিয়ে ইতালি খোঁজ শুরু করেছে। দুই কোচের সামগ্রিক প্রাপ্যতা যাচাই করা হচ্ছে। গার্দিওলার বিষয়টি আমরা এখনই নিশ্চিত করতে পারছি না। আপনারা আমাদের একটি লক্ষ্য ঠিকই চিহ্নিত করেছেন, তবে আমরা আনচেলত্তির সঙ্গেও কথা বলেছি।

আনচেলত্তি ২০২৫ সালের মে মাস থেকে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব শুরু করেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি সেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ের পরও আনচেলত্তি ও ফুটবল ফেডারেশন (সিবিএফ) উভয়েই নিজেদের আগের অবস্থানে অনড় থাকার কথা জানান। সে হিসেবে তাদের কোচকে ঘিরে মালদিনির মন্তব্যে সিবিএফ অবাক হয়নি বলে উল্লেখ করেছে গ্লোবো।

এদিকে, ইতালির সংবাদমাধ্যম ‘গ্যাজেটা দেল্লো স্পোর্ত’ জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি দেননি স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলা। তবে তার প্রতি আগ্রহ ও যোগাযোগ করায় মালদিনিকে ধন্যবাদ ও সম্মানিতবোধ করার কথা জানিয়েছেন। একইসঙ্গে কোচ হওয়ার আলাপ চালিয়ে যেতেও আগ্রহ দেখাননি গার্দিওলা।



গণমাধ্যমটির তথ্যমতে, মালদিনিকে পাঠানো গার্দিওলার বার্তায় ছিল– ‘ধন্যবাদ, নিজেকে সম্মানিত মনে করছি। কিন্তু এই মুহূর্তে আমি প্রস্তাবটি গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করছি না।’ এর আগে কোনো জাতীয় দলের কোচিং না করালেও অতীত সংযোগ থাকায় গার্দিওলাকে নিয়ে কিছুটা উচ্চাশা ছিল ইতালির। খেলোয়াড়ী জীবনে স্প্যানিশ এই কিংবদন্তি ২০০১-০৩ পর্যন্ত ইতালিয়ান ক্লাবে খেলার সুবাদে তাদের ভাষা জানেন।

এর আগে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো গার্দিওলাকে পেতে বেতনের নির্ধারিত সীমায় পরিবর্তন আনার ইচ্ছাও জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আর্থিক ব্যতিক্রম (চাহিদা অনুসারে পারিশ্রমিক প্রদান) করা হয়েছে, যা এই মুহূর্তে প্রভাবশালী নাম পেপ গার্দিওলার ক্ষেত্রে হতে পারে। ব্যতিক্রমগুলো সুস্পষ্ট কারণে করা হচ্ছে, যা ব্যাখ্যা করার জন্য আমি এখানে আসিনি, আবার এই বিষয়টি যে সম্পন্ন হবে তাও নিশ্চিত নয়।’

একেএস/টিএ

মন্তব্য করুন