তাসকিনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিলেন নাহিদ রানা
ছবি: সংগৃহীত
১০:০৩ এএম | ২৮ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে না পারলেও দেশ ছাড়লেন নাহিদ রানা। তবে মাঠে নামার জন্য নয়, চিকিৎসার উদ্দেশ্যেই গতকাল রাতে অস্ট্রেলিয়ার পথে রওনা হয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
হ্যামস্ট্রিং চোটের কারণে আগেই নিশ্চিত হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সফরে তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা।
তবে এই সফরেই দীর্ঘদিনের শিনবোন সমস্যার উন্নত চিকিৎসা করাবেন ডানহাতি এই পেসার। এ জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে। নাহিদের সফরসঙ্গী হয়েছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। কাঁধের চোটের চিকিৎসার জন্য দলের অন্য সদস্যদের আগেই অস্ট্রেলিয়ায় গেছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন।
বাংলাদেশ দলের মূল বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ৩১ জুলাই দিবাগত রাতে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে টেস্ট ছাড়া আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। তাই সফরের শুরুতেই নাহিদ ও তাসকিনের চিকিৎসার অগ্রগতি বাংলাদেশের পেস আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমআই/এসএন