মুম্বাইয়ে ফের বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কোহলি-আনুশকা, দাম কত?
ছবি: সংগৃহীত
১২:০৭ এএম | ৩০ জুলাই, ২০২৬
ভারতের ক্রিকেট তারকা ভিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যদিও এই তারকা দম্পতির জন্য বিলাসবহুল কোনো কিছু কেনা নতুন বিষয় নয়। মুম্বাইয়ের ভারসোভায় অবস্থিত গডরেজ স্কাইশোর প্রকল্পে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন তারা।
সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত নথি অনুযায়ী, ২ হাজার ৬৪৪ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটির দাম প্রায় ১৮ কোটি ভারতীয় রুপি। ফ্ল্যাটটি অন্ধেরি পশ্চিমের অভিজাত ভারসোভা এলাকায় অবস্থিত প্রকল্পটির উঁচু তলার একটিতে। এর সঙ্গে রয়েছে তিনটি নির্ধারিত গাড়ি পার্কিং সুবিধা এবং অতিরিক্ত ৩১৬ বর্গফুটের একটি এক্সক্লুসিভ এলাকা।
লেনদেনের মূল্য ও ফ্ল্যাটটির কার্পেট এরিয়ার ভিত্তিতে প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ৬৯ হাজার ১৫৯ রুপি। যা মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলে বিলাসবহুল আবাসনের শক্তিশালী চাহিদারই প্রতিফলন।

এর আগে, গত ২১ জুলাই সম্পত্তিটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এ জন্য তারা ৩০ হাজার রুপি নিবন্ধন ফি এবং ১ কোটি রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করেছেন।
আরও যেসব সম্পত্তি রয়েছে
এটি কোহলি-আনুশকা দম্পতির প্রথম বিলাসবহুল সম্পত্তি নয়। গত কয়েক বছরে তারা ভারতের বিভিন্ন শহরে একাধিক উচ্চমূল্যের সম্পত্তিতে বিনিয়োগ করেছেন।
মুম্বাইয়ের বাইরে, কোহলির মালিকানায় রয়েছে গুরুগ্রামের অভিজাত ডিএলএফ ফেজ-১ এলাকায় ১০ হাজার বর্গফুটের একটি বিশাল বাড়ি। ব্যক্তিগত সুইমিং পুল, অত্যাধুনিক জিমসহ নানা বিলাসবহুল সুবিধাসমৃদ্ধ এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি।
এছাড়াও, আলিবাগের আওয়াস বিচের কাছে জিরাড গ্রামে দম্পতির পাঁচ একরেরও বেশি জমি রয়েছে, যা তারা প্রায় ৩৮ কোটি রুপিতে কিনেছেন বলে জানা যায়।
আলিবাগেও তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। ২০২২ সালে তারা প্রায় ১৯ কোটি রুপিতে আট একর জমি কেনেন। পরে সেখানে নির্মাণ করেন একটি বিলাসবহুল ভিলা, যেখানে রয়েছে তাপমাত্রা-নিয়ন্ত্রিত সুইমিং পুল, কাস্টম-ডিজাইন করা রান্নাঘর, চারটি বাথরুম, জাকুজি, সুসজ্জিত বাগান, আচ্ছাদিত পার্কিং এবং কর্মীদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা।
তথ্যসূত্র: গালফ নিউজ
এমআই/টিএ