ঠিক কী কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন ইয়ামি গৌতম?
ছবি: সংগৃহীত
০৪:০১ পিএম | ৩১ জুলাই, ২০২৬
বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতম বলেছেন, ক্যারিয়ারের এক পর্যায়ে দীর্ঘদিন কাঙ্ক্ষিত সুযোগ না পেয়ে তিনি অভিনয় ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, অভিনয়জীবনে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তিনি মানসিকভাবে বলিউড ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি পাহাড়ে ফিরে কৃষিকাজ করে পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন করার পরিকল্পনাও করেছিলেন।
২০১২ সালে ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। প্রথম ছবিতে প্রশংসা পেলেও পরবর্তী সময়ে প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। ভালো চরিত্রের অপেক্ষায় থাকলেও অনেক সময় পছন্দের বাইরে গিয়ে কাজ করতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

ইয়ামির ভাষ্য, একের পর এক হতাশা তাকে অভিনয়জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। সে সময় হিমাচলে ফিরে প্রকৃতির কাছাকাছি থেকে নতুন জীবন শুরু করার কথাও গুরুত্বের সঙ্গে ভেবেছিলেন।
তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘বালা’ তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। দুটি চলচ্চিত্রই দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। এরপর থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি।
ইয়ামির এই অভিজ্ঞতা বলিউডের চাকচিক্যের আড়ালে থাকা সংগ্রাম, অনিশ্চয়তা ও টিকে থাকার লড়াইয়ের বাস্তব চিত্রই তুলে ধরে। প্রতিকূল সময়ে ধৈর্য ও অধ্যবসায়ের কারণেই তিনি আবারও সফলভাবে ঘুরে দাঁড়াতে পেরেছেন বলে মনে করছেন তার ভক্তরা।
এসএ/এসএন