আর্টসেলের ‘জানি ভুল করেছি’ ঘিরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত
০৪:২৬ পিএম | ৩১ জুলাই, ২০২৬
দেশের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তিসম ব্যান্ড ‘আর্টসেল’-এর প্রতিটি গানের সঙ্গেই জড়িয়ে থাকে ভক্তদের অগাধ আবেগ ও প্রত্যাশা। সেই প্রত্যাশার তুঙ্গে নতুন মাত্রা যোগ করে প্রকাশ পেল ব্যান্ডটির ‘চতুর্থাংশ’ ইপি-র তৃতীয় অফিশিয়াল মিউজিক ভিডিও ‘জানি ভুল করেছি’।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জর্জ লিংকন ডি'কস্টার জন্মদিন উপলক্ষে গানটি উন্মুক্ত করা হলেও, তা ঘিরে নেটপাড়ার গানপ্রেমীদের মাঝে এখন দেখা যাচ্ছে তীব্র মিশ্র প্রতিক্রিয়া। আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পরপরই অন্তর্জালে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
শ্রোতাদের একটি বড় অংশ নতুন আঙ্গিকের এই গানটি মেনে নিতে খানিকটা দ্বিধায় পড়েছেন। গানটির মন্তব্যের ঘরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এক সংগীতপ্রেমী লিখেছেন, ‘জমলো না! আনঅফিশিয়ালটা ফার বেটার ছিলো। সেই ডিপনেস পাইলাম না।’ অন্য এক ভক্তের মতে, ‘যা ইচ্ছা হয়ে গেলো। আমার কাছে আগের ভার্সন টাই বেস্ট।’
তবে সমালোচনার পাশাপাশি নতুন সুরের আমেজ ভাসিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখিয়েছেন অনেক ভক্ত। উচ্ছ্বাস প্রকাশ করে এক শ্রোতা মন্তব্য করেন, ‘অনুভূতিটা অন্যরকম, দারুণ একটা গান।’ প্রিয় ব্যান্ডকে এতদিন পর নতুন গানে পেয়ে আরেক অনুরাগী লেখেন, ‘অনেক দিন প্রিয় ব্যন্ড এর গান।’
গানটি নিয়ে লিংকন বলেন, ‘এই গানটা আমার অনেক দিনের সঙ্গী। লিখেছিলাম খুব ছোটবেলায়, যখন গান মানেই ছিল মনের কথাগুলো সহজ করে বলে ফেলা। হয়তো এটা আমাদের পরিচিত আর্টসেল-এর মতো নয়, কিন্তু সব গান একই রকম হওয়ারও তো দরকার নেই। আশা করি, এই গানটাও আপনাদের কাছে নিজের একটা জায়গা করে নেবে।’
উল্লেখ্য, ‘জানি ভুল করেছি’ গানটির কথা লিখেছেন জর্জ লিংকন ডি'কস্টা এবং সুর ও সংগীতায়োজন করেছে পুরো ‘আর্টসেল’ ব্যান্ড। গানটির মিক্স ও মাস্টারিং হয়েছে ‘স্টুডিও মার্স’-এ। গুপি বাঘা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে মিউজিক ভিডিওটির ক্রিয়েটিভ সুপারভিশনে ছিলেন আরিফুর রহমান এবং সম্পাদনা ও গ্রাফিক্সের দায়িত্ব সামলেছেন সুমিত কুমার রায় শুভ ও ইমরান বিন আবদুল খালিক। পুরো আয়োজনটি আর্টসেলের নিজস্ব লেবেল থেকেই উন্মুক্ত করা হয়েছে।
এসএ/এসএন