ফাহমিদা নবী-সজীব দাসের ৪০ গানের নতুন যাত্রা
ছবি: সংগৃহীত
০১:২৯ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
ক’দিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশে রেখেই গেছেন নতুন গানের খবর। শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘ভালোবাসা চাইতে গেলে’। তবে এই গানের সূত্র ধরেই জানা গেল আরও চমকপ্রদ তথ্য। সংগীত পরিচালক সজীব দাসের সঙ্গে একসঙ্গে প্রায় ৪০টি গান নিয়ে কাজ করছেন ফাহমিদা নবী।
সজীব দাসের সুর ও সংগীতে এরই মধ্যে ফাহমিদা নবীর ২০টির বেশি গান প্রকাশিত হয়েছে। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তির আলোয়’ ও ‘মেঘ হয়ে লুকাও’। এবার নতুন করে আরও ৪০টি গান তৈরি করছেন তারা। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
এই ধারাবাহিকতার প্রথম গান হিসেবে তৈরি হয়েছে ‘ভালোবাসা চাইতে গেলে’। গোলাম মোরশেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এর ভিডিও নির্মাণ করেছেন ফাহমিদা নবী নিজেই। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।
নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, সজীব দাসের গানের হাতেখড়ি হয়েছিল প্রয়াত সংগীতশিল্পী লাকী আখান্দের কাছে। একসময় বাংলাদেশ বেতারেও কাজ করেছেন তিনি। গান নিয়ে দুজনের বোঝাপড়া ভালো হওয়ায় একসঙ্গে নিয়মিত কাজ করছেন।
ফাহমিদা নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সজীব দাসও জানান, গানের ক্ষেত্রে শিল্পী তাকে ভরসা করেন এবং সেই আস্থা থেকেই একের পর এক গান তৈরি করে যাচ্ছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র সফরেও ব্যস্ত সময় কাটাবেন ফাহমিদা নবী। আগামী ১৬ আগস্ট ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। এরপর ২২ আগস্ট লস অ্যাঞ্জেলসের লাক্সার ব্যাংকুয়েট হলে কনসার্ট করবেন তিনি। সেখানে তার সঙ্গে থাকবেন ফুয়াদ আল মুক্তাদির ও এলিটা করিম।
এসএন