© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আওয়ারাপান’ সফল না হওয়ায় অনুষ্ঠানে ডাক পেতেন না শ্রিয়া

শেয়ার করুন:
‘আওয়ারাপান’ সফল না হওয়ায় অনুষ্ঠানে ডাক পেতেন না শ্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমী, শ্রিয়া সরন ও মৃণালিনী শর্মা অভিনীত ‘আওয়ারাপান’। মোহিত সূরী পরিচালিত ছবিটি মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। প্রায় দুই দশক পর এবার আসছে ‘আওয়ারাপান ২’। এরই মধ্যে প্রথম ছবি নিয়ে মুখ খুলেছেন শ্রিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপান’ নিয়ে তাদের অনেক প্রত্যাশা ছিল।

কিন্তু মুক্তির পর ছবিটি আশানুরূপ ব্যবসা না করায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। এমনকি ছবিটি কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হলেও তাকে কিছু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
শ্রিয়ার কথায়, মুক্তির সময়ে ছবিটি নিয়ে আমরা সবাই অনেক আশা করেছিলাম। কিন্তু কেন যে সাফল্য পেলাম না, জানি না! আমার মনে হয়, ছবিটি সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল।

কয়েকটি পুরস্কারের জন্য ছবিটি মনোনীত হলেও সেখানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি।

অভিনেত্রী ভেবেছিলেন, ছবিটি দর্শকের ভালোবাসা পাবে। কিন্তু প্রথম দিকে তেমন সাড়া না পাওয়ায় তিনি ভীষণ হতাশ হয়ে পড়েন। শ্রিয়া বলেন, আমি ভেবেছিলাম, এই ছবিটিকে মানুষ উদ্‌যাপন করবেন, ভালোবাসবেন। যখন এসব কিছুই ঘটে না, তখন স্বাভাবিকভাবেই খুব হতাশ হয়ে পড়ি।

তবে মুক্তির পর কয়েক বছর পেরোতেই বদলে যায় ছবিটির প্রতি দর্শকের মনোভাব। ধীরে ধীরে ‘আওয়ারাপান’ জনপ্রিয় হয়ে ওঠে। বহু বছর ধরে দর্শক শ্রিয়াকে ছবিটির কথা বলেছেন এবং জানিয়েছেন, ছবিটি তাদের কতটা পছন্দের।

প্রথম দিকে শ্রিয়ার ধারণা ছিল, ছবির গান এবং ইমরান হাশমীর অভিনয়ের কারণেই দর্শকের কাছে ‘আওয়ারাপান’ এতটা জনপ্রিয় হয়েছে। পরে অবশ্য তার সেই ধারণা বদলায়। তার মতে, ছবির গল্পই আসলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।



শ্রিয়া বলেন, অনেক দিন পর্যন্ত আমার মনে হতো, হয়তো ছবির গানগুলোর জন্যই মানুষ এত ভালোবাসেন। গানগুলো অসাধারণ ছিল। সেই সঙ্গে ইমরানও দুর্দান্ত ছিল। কিন্তু এখন মনে হয়, মানুষ আসলে গল্পটাকে ভালোবেসেছিলেন। তারা গল্পটাকে অনুভব করতে পেরেছিলেন।

‘আওয়ারাপান’ ছিল রোম্যান্টিক অ্যাকশন ড্রামা। ছবির ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’ ও ‘মাহিয়া’র মতো গান এখনও জনপ্রিয়। মুক্তির প্রায় দুই দশক পরও ছবিটি নিয়ে দর্শকের ভালোবাসা থাকায় শ্রিয়া মনে করেন, গল্পের গভীরতাই ‘আওয়ারাপান’-কে আলাদা করে তুলেছে।

এবার সেই ছবির আবহে নতুন গল্প নিয়ে আসছে ‘আওয়ারাপান ২’। নিতিন কক্কড় পরিচালিত ছবিতে আবারও ইমরান হাশমীকে দেখা যাবে। তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানী ও শবানা আজমী। আগামী ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এসএন 

মন্তব্য করুন