শাহরুখের ‘স্বদেশ’ অভিনয়ে মুগ্ধ অমিতাভ
ছবি: সংগৃহীত
০৩:৫১ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবির অভিনয়ের প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম মৌসুমের একটি পর্বে শাহরুখের অভিনীত বিভিন্ন চরিত্র নিয়ে প্রশ্ন আসার পরই তার প্রশংসা করেন অমিতাভ।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পর্বে প্রতিযোগী বাবলু কুমার পণ্ডিতকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতা নাসার বিজ্ঞানী, ভারতীয় আকাশবাহিনীর পাইলট এবং হকি কোচের চরিত্রে অভিনয় করেছেন। বাবলু সঠিক উত্তর হিসেবে শাহরুখ খানের নাম বলেন।
এরপর শাহরুখের অভিনয় নিয়ে কথা বলেন অমিতাভ। বিশেষ করে ‘স্বদেশ’ ছবিতে শাহরুখের অভিনয় তার খুব ভালো লেগেছে বলে জানান তিনি।
অমিতাভ বলেন, ‘স্বদেশ’-এ শাহরুখ যে অভিনয় করেছেন, সেটি তার কাছে ‘একেবারে অসাধারণ’। শাহরুখের সঙ্গে দেখা হলেই তিনি নাকি তাকে এ কথা বলেন। প্রশ্নে উল্লেখ করা তিনটি চরিত্রই শাহরুখের জনপ্রিয় ছবির। ২০০৪ সালের ‘স্বদেশ’-এ তিনি নাসার বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে অভিনয় করেন।

কাজের সূত্রে যুক্তরাষ্ট্রে থাকা মোহন পরে ভারতে ফিরে নিজের শিকড়ের সঙ্গে নতুন করে পরিচিত হন। ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর।
অন্যদিকে ‘বীর-জারা’ ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল ভারতীয় আকাশবাহিনীর পাইলট বীর প্রতাপ সিংয়ের ভূমিকায়। আর ‘চাক দে! ইন্ডিয়া’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন হকি কোচ কবীর খানের চরিত্রে।
শাহরুখের ‘স্বদেশ’ মুক্তির সময় বক্স অফিসে খুব বড় সাফল্য না পেলেও পরে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষ জায়গা করে নেয়।
ছবিতে শাহরুখের অভিনয়ও তার ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত কাজ হিসেবে বিবেচিত হয়। এদিকে শাহরুখকে সামনে দেখা যাবে ‘কিং’ ছবিতে। ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান ও দীপিকা পাডুকোন। চলতি বছরের ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।
এসএ/এসএন