যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির বনেট থেকে হঠাৎ বেরিয়ে এলো ৫ ফুট লম্বা সাপ
ছবি: সংগৃহীত
০৫:০৯ পিএম | ২০ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্রের টেনেসিতে চলন্ত অবস্থায় হঠাৎ একটি গাড়ির বনেট থেকে বেরিয়ে উইন্ডশিল্ডের ওপর হাজির হয় প্রায় ৫ ফুট দীর্ঘ একটি সাপ। আচমকা এমন দৃশ্য দেখে চরম বিস্ময় ও আতঙ্কে পড়ে যায় গাড়িতে থাকা পরিবারটি। সম্প্রতি টেনেসির লেবানন এলাকার ক্যালিস রোডে এই অদ্ভুত ঘটনাটি ঘটে।
গাড়ির যাত্রী অ্যানালিসা হেন্সলি জানান, তিনি তার স্বামী এবং ছোট মেয়ের জন্য সকার খেলার সরঞ্জাম কিনতে মাউন্ট জুলিয়েটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ তার স্বামী গাড়ির বনেটের ওপর বিশাল ওই সাপটি দেখতে পান।
মুহূর্তের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অ্যানালিসা বলেন, তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দৃশ্যটি ভিডিও করতে শুরু করেন এবং দেখতে পান সাপটি আস্তে আস্তে উইন্ডশিল্ড বেয়ে তার দিকের জানালার দিকে এগিয়ে আসছে। আতঙ্কিত পরিবারটি গাড়ি রাস্তার পাশে থামানোর চেষ্টা করার আগেই সাপটি গাড়ির পাশ থেকে গড়িয়ে নিচে পড়ে যায়।
ঘটনার ভিডিওটি দেখে টেনেসি ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এজেন্সির জীববিজ্ঞানী ম্যালরি টেট সাপটিকে 'গ্রে র্যাট স্নেক' হিসেবে শনাক্ত করেছেন। তিনি জানান, এটি টেনেসির একটি খুব সাধারণ এবং সম্পূর্ণ বিষহীন সাপ। মূলত শিকারের সন্ধানেই সাপটি গাড়ির ইঞ্জিনের ভেতর ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।
ম্যালরি টেটের মতে, গাড়ির ভেতরে অনেক সময় ছোট পাখি বাসা তৈরি করে বা ইঁদুর লুকিয়ে থাকে। শক্তিশালী ঘ্রাণশক্তির সাহায্যে সাপ সহজেই তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। এছাড়া, সাপ যেহেতু পরিবেশ থেকে শরীরে তাপ গ্রহণ করে, তাই গাড়ির ইঞ্জিনের অন্ধকার ও উষ্ণ জায়গা তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও নিরাপদ আশ্রয়স্থল বলে মনে হয়।
গাড়িতে অনাকাঙিক্ষত সাপের উপদ্রব ঠেকাতে নিয়মিত গাড়ির বনেট বা ইঞ্জিনের অংশ পরিষ্কার রাখা এবং সেখানে কোনো ইঁদুর বা পাখির বাসা আছে কি না, তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এই জীববিজ্ঞানী। পাশাপাশি কাঠের স্তূপ থেকে গাড়ি কিছুটা দূরে পার্ক করতে বলা হয়েছে। তবে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, এই সাপগুলো মোটেও ক্ষতিকর নয়। এরা মানুষ, শিশু বা পোষা প্রাণীর কোনো ক্ষতি করে না। অন্য বন্য প্রাণীর মতোই এরা মানুষের কাছ থেকে দূরে এবং নিজেদের মতো করে বেঁচে থাকতে পছন্দ করে।
সূত্র: পিপল.কম
আরআই/টিএ