এখনও খোঁজ মেলেনি ভারতের সেই ৩০ তীর্থযাত্রীর
ছবি: সংগৃহীত
১১:২৩ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
নেপালে যাওয়া ভারতের তামিলনাড়ুর ৩০ জন তীর্থযাত্রীর খোঁজ এখনও মেলেনি। বিবিসি তামিলকে ট্যুর আয়োজন সংস্থা জানিয়েছে, তামিলনাড়ু থেকে ৫৭ জনের একটা দল কুম্ভকোনম-ভিত্তিক সুপার যাত্রা এজেন্সির সঙ্গে ভ্রমণ করছিল।
ওই এজেন্সির মালিক সৈয়দ সাদিক জানিয়েছেন, ওই দলের তার ছেলে উমর ফারুকও রয়েছেন। তিনি ওই দলের গাইডের দায়িত্বে ছিলেন।
সৈয়দ সাদিক বলেছেন, ‘বন্যার আগে, মঙ্গলবার রাতে তার সঙ্গে আমার শেষবার কথা হয়েছিল।’ এরপর থেকে তাদের সঙ্গে আর ভারতের কারও যোগাযোগ হয়নি।
সাদিক বলেছেন, তাদের জানানো হয়েছে কাঠমান্ডু থেকে পাঠানো হেলিকপ্টার কয়েকজন ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে। কিন্তু এই ব্যক্তিদের পরিচয় বা তারা কোথা থেকে এসেছেন তা এখনো স্পষ্ট নয়।
ভারতের পশ্চিমবঙ্গের ৩২ সদস্যের একটি দলও বুধবার সকাল থেকে নিখোঁজ। কলকাতা থেকে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া ওই দলে ছিলেন ৩০ জন পর্যটক এবং দুইজন ট্যুর ম্যানেজার।
স্থানীয় কর্তপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৩৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্গম এলাকায় কাদার মধ্যে নেমে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে বন্যায় রাস্তা ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নিখোঁজ ৯১০ জনের মধ্যে ৫০০ জনের বেশি বিদেশি। নিখোঁজদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় ১০০ জন চীনা নাগরিকও রয়েছেন।
এমআই/টিএ