নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী উরুতিয়া
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে অনেকের চোখে বৈধ বিজয়ী হিসেবে বিবেচিত সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। স্পেনে নির্বাসিত সাবেক এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বৃহস্পতিবার নিজ দেশের ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উরুতিয়ার এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক বছর পর দেশটিতে রাজনৈতিক পটপরিবর্তনের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি অনুগত রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে এবং ওয়াশিংটন দেশটির তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে অর্থ উপার্জন করছে। দেশটিতে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে কর্তৃত্ববাদী বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে জয়ের দাবি করার পর গ্রেপ্তারের হুমকির মুখে ওই বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ছেড়ে পালিয়েছিলেন গঞ্জালেজ উরুতিয়া।
বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষিত হওয়ার পর শেষ মুহূর্তে ব্যালটে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন বর্তমানে স্পেনে নির্বাসিত দেশটির এই রাজনীতিক।
নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো এক মাস আগে নির্বাসন থেকে ভেনেজুয়েলায় ফিরেছেন। এখন কয়েক দশকের কট্টর সমাজতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক উত্তরণের দাবি জোরদার হওয়ায় গঞ্জালেজ উরুতিয়াও তার সঙ্গে যোগ দিচ্ছেন।
পশ্চিম ভেনেজুয়েলায় আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বড় ধরনের এক ধর্মীয় আয়োজনের দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গঞ্জালেজ উরুতিয়া লিখেছেন, ‘শিগগিরই আমি আমাদের রক্ষাকর্তা সেইন্ট ভার্জিন অব কোরোমোটোর তীর্থযাত্রায় যোগ দিতে ভেনেজুয়েলায় থাকব।’ ওই সমাবেশে মাচাদোর অংশ নেওয়ার কথা রয়েছে।
একেএস