মেসির দুর্দান্ত গোলের পরও জিততে পারল না মায়ামি
ছবি: সংগৃহীত
০৯:১৮ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
গোল করছেন, করাচ্ছেন- তবুও কিছুতেই মেজর লিগ সকারের (এমএলএস) চলতি আসরটা ঠিকঠাক যাচ্ছে না লিওনেল মেসিদের। তার দৃষ্টিনন্দন একটি গোলে ইন্টার মায়ামি লিড নিলেও শেষটা ছিল হতাশার। যোগ করা সময়ে ন্যাশভিলের কাছে গোল হজম করে (২-২) পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচের ৬২তম মিনিটে বাঁ পায়ের শটে গোল করে মেসি যখন মায়ামিকে ন্যাশভিলের বিপক্ষে চলতি মৌসুমে প্রথম জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই নাটকীয় মোড় আসে। যোগ করা সময়ে প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করে ন্যাশভিলেকে সমতা ফেরান স্যাম সারিজ।
ফলে চলতি মৌসুমে মায়ামির বিপক্ষে খেলা চারটি ম্যাচেই অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ন্যাশভিলে। এ ছাড়া সর্বশেষ ড্র’র কল্যাণে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মায়ামির চেয়ে ন্যাশভিলে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল।

এর আগে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই অ্যান্ডি নাজারের পাস পেয়ে মায়ামির জাল কাঁপান সারিজ। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল। ১৯তম মিনিটে মায়ামি সমতায় ফেরে প্রতিপক্ষের রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির একটি শট বাধাপ্রাপ্ত হয়। ফলে প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।
৬২ মিনিটে ম্যাচে এগিয়ে যায় মায়ামি। রদ্রিগো ডি পল বক্সের বাইরে কয়েকজনের মাঝে থাকা মেসিকে বল বাড়ালে, তিনি একমুহূর্তও দেরি না করে প্রথম স্পর্শেই বাঁ পায়ের বাঁকানো শটে ন্যাশভিলের জালে জড়ান। যা চলতি মৌসুমে এমএলএসে আর্জেন্টাইন মহাতারকার ১৯তম গোল। তবে যোগ করা সময়ে সেই স্বস্তি উড়ে যায় মায়ামির। তবে মেসির দুটি শট গোলবারে লেগে না ফিরলে দৃশ্যটা অন্যরকম হতে পারত।
এমআর/টিএ