প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না: টম ক্রুজ
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সিনে দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর ক্রমবর্ধমান প্রভাব এখন বিনোদন জগতের অন্যতম বড় আলোচনার বিষয়। প্রযুক্তির এই জয়জয়কারের যুগে সিনেমার ভবিষ্যৎ নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা, ঠিক তখনই মানুষের মৌলিক সৃষ্টিশীলতার ওপর আস্থা রেখে অনুপ্রেরণার বার্তা দিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার স্পষ্ট বক্তব্য, প্রযুক্তি যতদূরই যাক না কেন, মানুষের তৈরি আসল গল্প ও বাস্তবতার বিকল্প কখনো হতে পারে না।
সম্প্রতি লন্ডনে আয়োজিত বাফটার ঐতিহ্যবাহী ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে মুখোমুখি হন এই অভিনেতা। সেখানে চার দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতির পাতা উল্টান তিনি। ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘ম্যাগনোলিয়া’ থেকে শুরু করে ব্লকবাস্টার ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কথা স্মরণ করার পাশাপাশি কথা বলেন সিনেমার ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে।
চলচ্চিত্রে এআইয়ের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ক্রুজ বলেন, ‘আসল বিষয়টি হলো, মানুষের বিকল্প একমাত্র মানুষই। প্রযুক্তি যতই আসুক, সৃষ্টিশীল মানুষদের কাজ থামানো যাবে না; তৈরি করে যেতে হবে।’
নির্মাতদের উদ্দেশে তার বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তা আসবে এবং একে আটকানো যাবে না। দর্শকেরা সবসময় পর্দায় বাস্তব জিনিসটাই দেখতে চান। আপনারা আপনাদের সৃজনশীল কাজ চালিয়ে যাবেন।’
প্রেক্ষাগৃহে দর্শকের প্রভাব প্রসঙ্গেও নিজের মতামত জানান এই তারকা। নিজের এই আস্থার পক্ষে প্রমাণ হিসেবে চলতি গ্রীষ্মে রেকর্ড গড়ে প্রায় ৪.৭৬ বিলিয়ন ডলার আয় করা বৈশ্বিক বক্স অফিসের উদাহরণ দেন তিনি। টম ক্রুজ বলেন, ‘মানুষ যে এখনও সিনেমা হলে গিয়ে অভিজ্ঞতা নিতে চায় এবং নতুন গল্প দেখতে ভালোবাসে, এটি তারই বড় প্রমাণ।’
আলোচনার শেষভাগে নিজের পরবর্তী সিনেমা ‘ডিগার’ নিয়েও কিছু তথ্য প্রকাশ করেন টম ক্রুজ। অস্কারজয়ী পরিচালক আলেজান্দ্রো জি ইনারিতুর পরিচালনায় এই চলচ্চিত্রে একজন ধনাঢ্য তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজের চরিত্র ও সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্রুজ বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে এমন চিত্রনাট্য আগে কখনো পড়িনি। এটি আমার দেখা অন্যতম মৌলিক ও হৃদয়স্পর্শী একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’
বহুল প্রতীক্ষিত এই ছবিটি আগামী ২ অক্টোবর ওয়ার্নার ব্রাদার্স থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এসএ/এসএন