আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
১১:০২ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
রাজধানীতে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল থেকে ‘মেজর রঞ্জনের মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক আরজু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কামরুজ্জামান শাহ, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ শফিউল্লাহ, চান্দপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহার উদ্দিন ও গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ জিয়াউদ্দিনসহ জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এদিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে ওই দিন বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। মামলাটি থানায় ৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
একই দিন বিকেলে মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা গ্রহণ করেন। বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আখতারুজ্জামান। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
এমআই/টিএ