চলতি বছরে আর কতদিন সরকারি ছুটি, দেখে নিন
ছবি: সংগৃহীত
১১:৫৬ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
চলতি বছরের ৯ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। এখন চলছে অক্টোবর, অর্থাৎ ২০২৬ সালের শেষ প্রান্তে। বছরের শেষ সময়ে সরকারি ছুটির দিনগুলো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে চাকরিজীবীদের মধ্যে। দুর্গাপূজা, বিজয় দিবসসহ এ তিন মাসে রয়েছে বেশ কয়েকটি সরকারি ছুটি। কোন কোন দিনে ছুটি থাকছে, চলুন দেখে নেওয়া যাক।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিন ছুটি থাকবে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিন সরকারি ছুটি থাকবে।
তবে এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুর্গাপূজার ছুটিতে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে চাকরিজীবীদের। তবে এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা থাকবে অফিস।
এদিকে, নভেম্বর মাসে সরকারি ছুটির তালিকায় একটি ছুটি রয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’–এ সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই হিসেবে ৭ নভেম্বর ছুটি পাওয়া যাবে।
অন্যদিকে, ডিসেম্বর মাসে রয়েছে বিজয় দিবসসহ আরও কয়েকটি সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ২৫ ডিসেম্বর শুক্রবার যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এর আগে, গত ৯ নভেম্বর ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি ১৪ দিন। এর পাশাপাশি নির্বাহী আদেশে ছুটি আরও ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন ঘোষণা করা হয়।
এমআই/এসএন