© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ২টি ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ২টি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পর থেকেই বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল ফটকের বাইরে থাকা একটি গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের সীমানার ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ জানান, সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। এই আয়োজন বানচাল এবং ক্যাম্পাসে ভীতি ছড়াতে পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন তিনি। একই সাথে হামলায় জড়িতদের দ্রুত চিহ্ণিত করে বিচারের আওতায় আনার দাবি জানান এই ছাত্রনেতা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল নিক্ষেপকারী সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

কেএন/টিএ

মন্তব্য করুন