ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, বন্ধ রানওয়ে
ছবি: সংগৃহীত
০৩:৪২ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটির জরুরি অবতরণের কারণে ঢাকায় প্লেন ওঠানামা বন্ধ রয়েছে।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, বিমানটির অবতরণের জন্য রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যে কারণে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।
জানা গেছে, বিমানের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এটি দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে কক্সবাজার থেকে রওনা হয়। ফ্লাইটটি দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণ করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে পারছিল না। এ অবস্থায় ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
বিমানে কতজন যাত্রী ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত করেনি বিমান কর্তৃপক্ষ। তবে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, যাত্রী, পাইলট ও ক্রু সবাই নিরাপদে অবতরণ করেছেন।
এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।
এদিকে, সূত্র জানিয়েছে, উড্ডয়নের পরপরই ওই ফ্লাইটের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, বিমান কর্তৃপক্ষ বা বিমানবন্দরের কেউ বিষয়টি নিশ্চিত করেনি।
এসএন