© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে জবাব দেওয়া হবে : ইশরাক হোসেন

শেয়ার করুন:
মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে জবাব দেওয়া হবে : ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ কুদৃষ্টি দিলে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ইশরাক।

পোস্টে তিনি বলেন, অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ করার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও ওই নেতার বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থান নয়, তারপরও এ বিষয়ে দিল্লির ব্যাখ্যা দেওয়া উচিত। একই সঙ্গে মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ইশরাক হোসেন লেখেন, বাংলাদেশের দিকে কেউ কুদৃষ্টি দিলে দেশের মানুষ চুপ করে থাকবে না। রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি আলাদা থাকলেও মাঠের রাজনীতিতে এ ধরনের বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে।

নিজের পোস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, সংকটের সময় একদল স্বার্থান্বেষী মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাবে, আরেক দল রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিজেদের নিরাপদ অবস্থানে রাখবে।

ইশরাক আরও অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদীরা ১৭ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়েছে। সেই লড়াইয়ে বাংলাদেশ জয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো ফ্রন্টে লড়াইয়ের প্রয়োজন হলে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবেন।

পোস্টের শেষাংশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্বপুরুষদের আত্মত্যাগের কথা স্মরণ করেন ইশরাক। তিনি লেখেন, দেশের মাটির জন্য পূর্বপুরুষেরা যুদ্ধ করেছেন, তারা দেশরক্ষায় লড়াই করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

আরআই/

মন্তব্য করুন