প্রচণ্ড গরমে মশককর্মীদের কাজ এক ঘণ্টা কমালো ডিএনসিসি
ছবি: সংগৃহীত
০২:১৩ পিএম | ১০ মে, ২০২৫
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তার প্রেক্ষিতে আগামী তিনদিনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মশা নিধনকর্মীদের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে দিয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশে মাঝারি থেকে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১০ মে) ডিএনসিসির মুখপাত্র ফারজানা ববি বিষয়টি নিশ্চিত করে জানান, ১১, ১২ ও ১৩ মে সকাল শিফটে কর্মরত মশককর্মীদের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে শেষ সময় সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৪৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৪ মে থেকে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করে তা লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।
এসএস/এসএন