মিয়ানমারের জলসীমায় প্রবেশে ১৯ ট্রলারসহ ১২২ জেলে আটক
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ২৯ আগস্ট, ২০২৫
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়ায় ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এর মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে দেশটির অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলাকালীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় ১৯টি ফিশিং বোটে থাকা জেলেদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটের মিয়ানমার অভ্যন্তরে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের আটক করছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক দিন ধরে বাংলাদেশি ফিশিং বোটগুলোর মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।
এসএস/টিকে