ভারতে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ইমামকে হত্যার অভিযোগ!
ছবি: সংগৃহীত
০৯:৩২ এএম | ০৩ মে, ২০২৬
ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া বিহারের ৩০ বছর বয়সি এক মসজিদের ইমামের মৃত্যুকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে।
শনিবার (২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৭ এপ্রিল) ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার দাবি করেছে তাদের কাছে একটি অডিও ক্লিপ রয়েছে যেখানে হত্যার শিকার মাওলানা তৌসিফ রেজাকে ট্রেনের ভেতরে হেনস্তা হওয়ার কথা বলছেন।
প্রাথমিকভাবে পুলিশ এ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা ধারণা করলেও অডিও ক্লিপ সামনে আসার পর ঘটনাটি নতুন করে তদন্ত করছে। নিহত ব্যক্তির নাম মাওলানা তৌসিফ রাজা। তিনি বিহারের কিশানগঞ্জ জেলার বাসিন্দা এবং সিওয়ানের একটি মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যরা রোববার (৩ মে) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। তৌসিফ রাজার চাচা রিজওয়ান আলম অভিযোগ করে বলেন, ‘আমরা সন্দেহ করছি ট্রেনের ভেতরে তাকে মারধর করা হয়েছে এবং এরপর ট্রেন থেকে ফেলে দেয়া হয়।’
পরিবারের দাবি করা ওই অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, ভুক্তভোগী তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছেন ট্রেনের ভেতরে কিছু লোক তাকে হয়রানি করছে এবং তিনি এ বিষয়ে পুলিশকে জানিয়েছেন।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাবাসসুম অভিযোগ করেন, তার স্বামী ফোনে জানিয়েছিলেন কিছু লোক তাকে ধরে মারধর করছে। তিনি স্বামীকে অন্য যাত্রীদের সাহায্য চাইতে বললেও, তিনি জানান তাকে চোর বলে অভিযুক্ত করছে।
তাবাসসুম আরও জানান, তার স্বামী বেরেলি থেকে সিওয়ানে যাচ্ছিলেন। শুরুতে পুলিশ পরিবারকে জানিয়েছিল যে তিনি তার লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন।
বেরেলির পুলিশ সুপার মনুশ পারেখ বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি এবং পরিবারও প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যুর বিষয়ে একমত ছিল। তিনি আরও বলেন, ‘মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
টিজে/টিএ