© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ

শেয়ার করুন:
ভারতে বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ০৩ মে, ২০২৬
ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান পুরোপুরি থামার আগেই জরুরি নির্গমন দরজা খুলে নিচে লাফ দিয়েছেন এক যাত্রী।

রবিবার (৩ মে) ভোরে শারজাহ থেকে চেন্নাইগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ট্যাক্সিওয়েতে বিমানটি ধীরগতিতে চলা অবস্থায় ওই যাত্রীর এমন আকস্মিক কাণ্ডে ফ্লাইটের অন্যান্য যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, বিমানটি মূল রানওয়ে থেকে বেরিয়ে ট্যাক্সিওয়ে দিয়ে ধীরগতিতে চলার সময় এই ঘটনা ঘটে। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানটি ধীরগতিতে চলন্ত অবস্থায় ওই যাত্রী লাফ দেন। তবে এতে কোনো প্রাণহানি বা বিমানের কোনো ক্ষতি হয়নি।'

তিনি আরও স্পষ্ট করেন যে, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি। প্রাথমিক তথ্যানুযায়ী, ওই যাত্রী যাত্রাপথে অসুস্থ বোধ করছিলেন। অন্য এক কর্মকর্তা জানান, তিনি বমি বমি ভাব অনুভব করার কথা জানিয়েছিলেন এবং বিমানে অন্তত দুবার বমি করেছেন বলে ধারণা করা হচ্ছে। অসুস্থতার কারণেই তিনি এমন কাজ করে থাকতে পারেন।

ঘটনার পরপরই পাইলট গ্রাউন্ড সিকিউরিটিকে সতর্ক করেন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে এবং অধিকতর তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার কারণে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত ৩টা ২৩ মিনিট থেকে ভোর ৪টা ২৩ মিনিট পর্যন্ত মূল রানওয়ে বন্ধ রাখা হয় এবং এই সময়ে অন্যান্য ফ্লাইটগুলোকে দ্বিতীয় রানওয়েতে ঘুরিয়ে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

আইকে/টিএ

মন্তব্য করুন