© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সাথে সমঝোতার চেষ্টা ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানের সাথে সমঝোতার চেষ্টা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ এএম | ০৪ মে, ২০২৬
হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষণ দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করবে।

এই পদক্ষেপকে একটি মানবিক প্রচেষ্টা হিসেবে চিত্রিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, আটকে পড়া অনেক জাহাজের সঙ্গেই চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প তার পোস্টে জানিয়েছেন যে তার প্রতিনিধিরা ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক আলোচনা’ করছেন। তবে এই আলোচনা কি কেবল জাহাজ উদ্ধারের বিষয়ে, না-কি সংঘাত নিরসনের বৃহত্তর কোনো বিষয়ে-তা পোস্টে স্পষ্টভাবে জানানো হয়নি।

ট্রাম্পের এই ঘোষণা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মার্কিন নৌবাহিনী এখন জাহাজগুলোকে হরমুজ প্রণালি থেকে বের হতে সাহায্য করবে এবং এ কাজে ইরানের সঙ্গে কোনো এক ধরনের সহযোগিতা বা সমঝোতা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি হরমজ প্রণালি কেন্দ্রিক সংঘাতের অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একটি পথ হতে পারে। মূলত এই প্রণালিতে চলমান সংঘাত এবং পারমাণবিক ইস্যুই উভয় পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে কাজ করছিল।
সূত্র: আল-জাজিরা

এমআই/এসএন  

মন্তব্য করুন