© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধসব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের

শেয়ার করুন:
সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ০৪ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরুর পর পাল্টা জবাব দেয় তেহরান। প্রতিশোধ নিতে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তারা। এ সময় নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তা ঝুঁকি কমায় আরোপিত সব ধরনের বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় আমিরাত। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় সব বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে একটি পোস্টে বলেছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালন ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’

এ ঘোষণাটি এ পথে চলাচলকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। কারণ, আন্তর্জাতিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ও অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই এবং আবুধাবি। এ দুটি বিমানবন্দরই ফেব্রুয়ারির শেষভাগ থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে তেহরানের প্রতিশোধমূলক হামলা এ অঞ্চলের আকাশসীমার একটি বড় অংশ বন্ধ করে দিতে বাধ্য করেছে। এতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়।

যুদ্ধের জেরে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, কাতার, বাহরাইন ও কুয়েতসহ অন্তত আটটি দেশ তাদের আকাশসীমা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এবং ফ্লাইদুবাই সাময়িকভাবে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে; অন্যদিকে ইতিহাদ আবুধাবি থেকে সব ফ্লাইট ছাড়া স্থগিত করেছে।

বিমান চলাচল-সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা সিরিয়ামের মতে, সংঘাতের প্রথম দিনগুলোতে এ অঞ্চলে আসা-যাওয়ার ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

এমআর/এসএন 

মন্তব্য করুন