‘খেলা শেষ’ লিখে বার্তা দিল পশ্চিমবঙ্গ বিজেপি
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ০৪ মে, ২০২৬
কয়েক মাসের অপেক্ষার শেষ আজ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল আজ সোমবার (৪ মে) প্রকাশ হচ্ছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। সেই ভোটের চূড়ান্ত ফলাফল আজ জানা যাবে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ৮৯টি আসনে এগিয়ে লড়াই চালানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপি।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ স্লোগান দেন, যা দ্রুতই খুব জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই স্লোগান বহুবার ব্যবহার করেন। এর জবাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘খেলা শেষ’ বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে বিজেপি শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ ও উদযাপন করছেন। এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলার হিন্দুরা এক জোট হয়ে নরেন্দ্র মোদির উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এবং বিজেপি বড় ব্যবধানে সরকার গড়তে চলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় একে বিজেপির একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে অভিহিত করেছেন। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিজেপি পরিকল্পিতভাবে তাদের এগিয়ে থাকার খবর আগে প্রচার করছে।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দুই-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পর ১০০টি জায়গায় গণনা বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) যে আসন জিততে পারে, সেটা দখল করেছে। এখনো আমরা যে আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।’
কর্মীদের মমতা বলেন, ‘আমি সব পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টদের বলব, মন খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।’
এবি/টিএ