২০৪ আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ০৪ মে, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে ২৯৪ আসনের মধ্যে বিজেপি এককভাবে ২০৪টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৩ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে তৃণমূল।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে।
রাজ্য বিজেপির নেতা–কর্মীরা বিজয় উদযাপন করছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন, এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া অন্যরা হলেন- রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।
এবি/টিএ