লেবাননে মার্কিন রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার আহ্বান হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত
০১:০৯ এএম | ০৫ মে, ২০২৬
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির সরকারকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। মিশেল ইসার বিতর্কিত এক মন্তব্যের পর লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর সংসদ সদস্য আলি আম্মার এই দাবি জানান।
বিতর্কের শুরু গত শনিবার (২ মে) লেবাননের টিভি চ্যানেল এলবিসিআই একটি ভিডিও প্রকাশ করার পর। যেখানে ‘অ্যাংরি বার্ড’ গেমের চরিত্র দিয়ে হিজবুল্লাহর নেতা ও যোদ্ধাদের ব্যঙ্গ করা হয়।
এতে হিজবুল্লাহর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের মধ্যে কেউ কেউ পাল্টা প্রতিক্রিয়ায় মারোনাইট খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা বশারা রাই-কে অপমান করে ছবি শেয়ার করে। এতে খ্রিস্টান ধর্মাবলমম্বীরা ওই ধর্মীয় নেতার প্রতি সমর্থন জানান।
সোমবার (৪ মে) বশারা রাইয়ের সঙ্গে দেখা করের মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা। এরপর তিনি বলেন, ‘লেবাননে এমন কাজ অনুচিত। এটি সহাবস্থানের দেশ। যারা এমন কাজ করেছে, তাদের জন্য হয়তো লেবানন উপযুক্ত নয়-তাই তারা অন্য দেশে গিয়ে বসবাস করতে পারে।’
এই মন্তব্যের কঠোর সমালোচনা করে হিজবুল্লাহর প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা আলি আম্মার বলেন, ‘এটা লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সরাসরি হস্তক্ষেপ এবং লেবাননের মানুষকে দেশ ছাড়তে বলার শামিল।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে সহজ পদক্ষেপ হতে পারে তাকে (মার্কিন রাষ্ট্রদূত) অবাঞ্ছিত ঘোষণা করা।’
আরআই/টিএ