পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি
ছবি: সংগৃহীত
০২:৫৬ এএম | ০৫ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে ১৪৭টি আসনে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
সোমবার (৪ মে) ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্তঘেঁষা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় দেড় দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। তার দল তৃণমূল কংগ্রেস সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৫টি আসনে জয় পেয়েছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা ভারতের নির্বাচনী ইতিহাসে বিরল। তবে অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে ভারতীয় নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে সোমবার ২৯৩টি আসনের ফলাফল প্রকাশ করা হয়।
অধিকাংশ বুথফেরত জরিপেই বিজেপির জয়ের আভাস পাওয়া গিয়েছিল। সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর থেকেই সেই আভাস স্পষ্ট হতে থাকে। রাত ৯টার আগেই ২০৭টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই সময়েই ১৪৭ আসনের ম্যাজিক নম্বর স্পর্শ করে সরকার গঠন নিশ্চিত করে বিজেপি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২০৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৯টি আসনে।
ভারতের বিভিন্ন রাজ্যে আগেই ক্ষমতা প্রতিষ্ঠা করলেও পশ্চিমবঙ্গে এতদিন সফল হতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। এবারের নির্বাচনে সেই বাধাও ভেঙে রাজ্যটির রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনলো বিজেপি।
আরআই/টিএ