ইরান যুদ্ধের প্রথম ধাপ শেষ : রুবিও
ছবি: সংগৃহীত
০৫:২৬ এএম | ০৬ মে, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র আক্রমণাত্মক পর্যায় শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে এবং এই অভিযানের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সামরিক অভিযানের প্রথম বা আক্রমণাত্মক ধাপ এখন শেষ।
তবে সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা দিলেও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন রুবিও। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। বিশেষ করে হরমুজ প্রণালিকে পুনরায় পুরোপুরি সচল করতে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
রুবিও দাবি করেন, আলোচনার এই প্রস্তাবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতার পথেই এগোতে চায়, তবে ইরানের পক্ষ থেকে সেই আগ্রহ দৃশ্যমান নয়।
প্রায় ৫০ মিনিটের এই সংবাদ সম্মেলনে রুবিও বুঝিয়ে দিয়েছেন যে, সামরিক হামলার পর্যায়টি শেষ হলেও ইরান যদি আলোচনায় না আসে, তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। বিশেষ করে তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে হরমুজ প্রণালি সচল করা ওয়াশিংটনের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
এমআই/টিএ