© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ‘ছোট নৌকা’ লক্ষ্য করে গুলি চালানো যুদ্ধবিরতি লঙ্ঘন নয়: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের ‘ছোট নৌকা’ লক্ষ্য করে গুলি চালানো যুদ্ধবিরতি লঙ্ঘন নয়: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ এএম | ০৬ মে, ২০২৬
ইরানের ছোট নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের গুলি চালানো কোনোভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ন্ত্রিত ও প্রতিরক্ষামূলক দাবি করে ট্রাম্প বলেন, ইরানের ছোট নৌযান থেকে কিছু হামলার চেষ্টা হয়েছিল, আমাদের বাহিনী তা প্রতিহত করেছে। এটি যুদ্ধবিরতির লঙ্ঘন নয়।

যুদ্ধবিরতি ঠিক কী করলে লঙ্ঘিত হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যময়ভাবে বলেন, আপনারা যথাসময়েই জানতে পারবেন। ইরানিরা জানে। তারা জানে কি করা যাবে না। তারা আমাদের সম্মান করে (বা ভয় পায়)।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের চালু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যাকে তিনি ‘বিশ্বের জন্য উপহার’ হিসেবে উল্লেখ করেন।

এই উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নির্দেশনা দেওয়া হচ্ছে এবং স্থল ও আকাশভিত্তিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই ব্যবস্থার লক্ষ্য হলো বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে নিরাপদ রাখা, যেখানে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়।

এদিকে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেয়নি। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসকে/এসএন

মন্তব্য করুন