কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ছবি: সংগৃহীত
০৮:৪৯ এএম | ০৬ মে, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। এই সফরে আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বেইজিংয়ে পৌঁছানোর একটি ছবিতে দেখা যায়, মেরাজ বিমান থেকে নামছেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। একইসঙ্গে বিমান লেখা, 'মিনাব-১৬৮'। যুদ্ধ শুরুর দিন, অর্থাৎ, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় নিহত ১৬৮ শিশুদের স্মরণে বিমানে লেখা 'মিনাব ১৬৮'।
মূলত, গত ২৮ ফেব্রুয়ারি, ইরানের দক্ষিণে মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর একটি নিশানাগত (টার্গেটিং) ভুল।
বিদ্যালয় ভবনের পাশেই অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় এ ঘটনা ঘটে। বিদ্যালয় ভবনটি আগে ওই ঘাঁটিরই অংশ ছিল। তবে, যুক্তরাষ্ট্রের এক ভুলে স্কুলে অবস্থানরত ১৬৮ শিক্ষার্থী, স্কুলের শিক্ষক এবং স্টাফ নিহত হয়।
প্রাথমিকভাবে, হামলার দায় স্বীকার না করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা জানান, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া পুরোনো তথ্য ব্যবহার করে হামলার স্থান নির্ধারণ করেছিলেন।
এসকে/এসএন