পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: ইসহাক দার
ছবি: সংগৃহীত
০১:৫৭ পিএম | ০৬ মে, ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সতর্ক করে বলেছেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সীমিত করার যেকোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।
কূটনীতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
ইসহাক দার বলেন, সিন্ধু পানি চুক্তি সংক্রান্ত সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান। কোনো একতরফা সিদ্ধান্তে পানির প্রবাহ পরিবর্তনের চেষ্টা করলে তার কঠোর পরিণতি হবে।
তিনি জোর দিয়ে বলেন, পানি পাকিস্তানের জন্য জীবনরেখা, তাই এর প্রবাহ বন্ধ বা কমানোর যেকোনো প্রচেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল।
তিনি আরও জানান, চেনাব নদীর পানিপ্রবাহে সাম্প্রতিক কিছু পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতকে স্বচ্ছ ও যাচাইযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পাহালগাম হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। পরে তারা আগ্রাসী আচরণও দেখিয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী, সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে সক্ষমতা দেখিয়েছে।
অতীতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও পাকিস্তান সামরিক ও কূটনৈতিক-দুই ক্ষেত্রেই দৃঢ়তা প্রদর্শন করেছে বলে দাবি করেন তিনি।
ইসহাক দার পুনর্ব্যক্ত করেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি বলেন, পাকিস্তান সবসময় শান্তিপূর্ণ সংলাপের পক্ষে, তবে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা কঠোর অবস্থান নেবে।
তিনি বলেন, পাকিস্তান সংঘাত চায় না, কিন্তু কোনো ধরনের উসকানির জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে। ‘পাকিস্তান শান্তি চায়, তবে সেই শান্তি অন্যায় বা একতরফা পদক্ষেপের বিনিময়ে হতে পারে না’-যোগ করেন তিনি।
কেএন/এসএন