© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রয়টার্সের প্রতিবেদনযুদ্ধ শেষ করতে সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান

শেয়ার করুন:
যুদ্ধ শেষ করতে সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ০৬ মে, ২০২৬
চলমান যুদ্ধ শেষ করতে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি এই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি আবার খুলে দেয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে।

শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা (সমঝোতার) একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’  

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্ভাব্য এ চুক্তির শর্তাবলি সম্পর্কে অ্যাক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ন্যায্য ও বাস্তবসম্মত’ চুক্তি করতে চায়। বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান শুধু ‘ন্যায্য ও বাস্তবসম্মত’ চুক্তিই মেনে নেবে।

তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিত রাখার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এমআর/এসএন 

মন্তব্য করুন