কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙ্গায় গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
০৮:০১ পিএম | ০৬ মে, ২০২৬
কলকাতা নিউমার্কেটের কাছে বিজেপির বিজয় মিছিল থেকে বুলডোজার দিয়ে মাংসের দোকান ভেঙে দেয়ার অভিযোগ ওঠার পর ৪ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
দোকান ভাঙার ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতি সাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদ্যাপন হিসেবেই তা করা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।’ এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই ঘটনায় উপযুক্ত ধারায় মামলা করেছে তারা। গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত ৪ জনকে।
এর আগে স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশের কাছ থেকে বিজয় মিছিলের অনুমতি নেয়া হয়েছিল। তবে ডেরেকের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ বলেছে, সেই বিজয় মিছিলে বুলডোজার নিয়ে যাওয়ার কোনো অনুমতি দেয়া হয়নি।
নির্বাচনি প্রচারের সময় তৃণমূল বারবার অভিযোগ করেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ করবে। যদিও বিজেপি এই সব অভিযোগ উড়িয়ে পাল্টা মাছ নিয়ে প্রচারে নামে। ভিনরাজ্যের নেতাদের পশ্চিমবঙ্গে প্রচারে এসে আমিষ খেতেও দেখা যায়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বলেছিলেন, মাছ-মাংস ছাড়া বাঙালি থাকতে পারবে না। তবে ভোটের পরে এই ঘটনায় নয়া হাতিয়ার পেল তৃণমূল কংগ্রেস।
এদিকে ভোট-পরবর্তী সহিংসতায় রাজ্য বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাওড়া, বেলেঘাটা, নানুর থেকে নিউটাউনে ঝরেছে রক্ত। এরই সঙ্গে বহু জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে। আবার অনেক জায়গায় বিজেপির জয়ী প্রার্থীরা গিয়ে তৃণমূল কর্মীদের অভয় দিয়ে এসেছেন।
বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন, কোনো সংঘাতে বিজেপি কর্মীরা জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সঙ্গে তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন, তৃণমূলের একটি অংশ এখন অপর পক্ষকে বিজেপি পতাকা হাতে মারছে। এই আবহে সদ্য তৃণমূল থেকে স্বঘোষিত বিজেপি হওয়া ব্যক্তিদের বিষয়ে সাবধান করেছেন তিনি। এছাড়া দলের রং না দেখে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন শমীক ভট্টাচার্য।
আরআই/টিএ