প্রাক্তন সেনা কর্মী থেকে শুভেন্দুর ব্যক্তিগত সহকারী, কে এই চন্দ্রনাথ রথ?
ছবি: সংগৃহীত
০১:৫৮ এএম | ০৭ মে, ২০২৬
চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। মা আর ভাই-ই তাঁর জগৎ। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন।
মধ্যমগ্রামের যশোর রোড ধরে একটি স্করপিও গাড়িতে করে বাড়ি ফিরছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। দোহারিয়ার কাছে একটি বিরিয়ানির দোকানের সামনে হামলা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। তবে চন্দ্রনাথ শুধু শুভেন্দুর আপ্ত সহায়ক নন, এক সময়ে তিনি ভারতীয় বায়ুসেনাতেও (শর্ট টার্ম সার্ভিস) ছিলেন। কী তাঁর পরিচয়?
চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। মা আর ভাই-ই তাঁর জগৎ। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন। ২০০০ সালে মাধ্যমিক দেন। নজরকাড়া রেজাল্টও করেছিলেন। চন্দ্রনাথকে যাঁরা চেনেন, তাঁরা বলেন, তাঁর মতো দেশভক্ত বিরল। দেশ সেবার টানেই ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। যদিও পূর্ণ সময়ের জন্য নয়, শর্ট টার্ম সার্ভিসে। তাতেও আপত্তি ছিল না তাঁর। অবসর নেওয়ার পরে শুভেন্দুর সঙ্গে কাজ শুরু করেন।
শুভেন্দুর ছায়াসঙ্গী বললে প্রথমেই যে নাম উঠে আসে, সেটা চন্দ্রনাথ রথ। সম্পর্কটা দীর্ঘদিনের। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখনও চন্দ্রনাথ ছিলেন তাঁর সঙ্গী। সেই সময়ে তৃণমূলের হয়ে কাজ করতেন। ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। শুভেন্দুর হাত ধরে চন্দ্রনাথও বিজেপিতে চলে আসেন। ২০২১-এ বিরোধী দলনেতা হন শুভেন্দু। জানা গিয়েছে, তখন থেকেই শুভেন্দুর আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন চন্দ্রনাথ। তাঁর মা-ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।
কাজের সূত্রে মধ্যমগ্রামের একটি ফ্ল্যাটে থাকতেন চন্দ্রনাথ। এ দিন স্করপিও গাড়িতে সেখানেই ফিরছিলেন তিনি। যশোর রোড দিয়ে যাওয়ার সময়ে দোহারিয়া কাছে তাঁর গাড়ি আটকায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে চেপে একাধিক দুষ্কৃতী এসেছিলেন। ঠিক কতজন, তা এখনও জানা যায়নি। চন্দ্রনাথের গাড়ি থামতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
চন্দ্রনাথের বুকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর চালকও। শুভেন্দুর আপ্ত সহায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যান কৌস্তভ বাগচী, পীযূষ কানোরিয়া, শঙ্কর ঘোষ, শঙ্কর চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি বিধায়ক। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তাঁরা। পাল্টা আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল।
ইউটি/টিএ