‘গোপন’ বৈঠকের পর শুভেন্দুকে ছাড়িয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে অগ্নিমিত্রা
ছবি: সংগৃহীত
০২:৪০ পিএম | ০৭ মে, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর থেকেই একটি প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন কে? শুরুতে সবাই প্রায় নিশ্চিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীর পথই সবচেয়ে পরিষ্কার। তবে হঠাৎ করেই সেই সমীকরণে নতুন মোড় এনে দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
নির্বাচনের ফল প্রকাশের পর গোপনে দিল্লি সফরে যান অগ্নিমিত্রা পাল। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে অমিত শাহের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর আলোচনা আরও তীব্র হয়েছে।
গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা। বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নতুন সরকার গঠন ও মন্ত্রিসভা নিয়েই সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী দৌড়ে এখনও সবচেয়ে আলোচিত নাম শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জয় তুলে নিয়ে তিনি বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোকে বিজেপির সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
তবে শুধু শুভেন্দু নন, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় ঘুরছে আরও কয়েকটি নাম। এর মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্ত। এর মধ্যেই অগ্নিমিত্রার দিল্লি সফর নতুন করে আলোচনায় এনে দিয়েছে তাকে।
দলীয় সূত্রের দাবি, রাজ্যে এক বা দুইজন উপমুখ্যমন্ত্রীও রাখা হতে পারে। সেই তালিকায় অগ্নিমিত্রা পালের নাম অনেকটাই এগিয়ে। দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এবং নারী মুখ হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর আস্থা রাখছে বলেও আলোচনা চলছে।
অন্যদিকে নন্দীগ্রামে স্থানীয়দের বড় একটি অংশ এখনও শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আবার আরএসএস ঘনিষ্ঠ সূত্রে কার্তিক মহারাজের নামও আলোচনায় উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।
এবারের নির্বাচনে চমক হিসেবে উঠে এসেছে অভয়ার মা রত্না দেবনাথের নামও। আরজি কর ইস্যুকে ঘিরে তৈরি জনসমর্থন কাজে লাগিয়ে তিনি জয় পেয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তিনিও।
সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। আগামী ৯ মে ব্রিগেডে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠানে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জোর আলোচনা চলছে।
এসএন