ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পেরই দলের এমপির বিল উত্থাপন
ছবি: সংগৃহীত
০৯:২৭ এএম | ০৮ মে, ২০২৬
ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান সীমিত করা এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা বন্ধের লক্ষ্য নিয়ে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টিটিভস) একটি বিল উত্থাপন করেছেন এক রিপাবলিকান আইনপ্রণেতা। মিশিগানের রিপাবলিকান এমপি টম ব্যারেট গত বৃহস্পতিবার এই বিলটি প্রবর্তন করেন।
বিলের প্রস্তাবে বলা হয়েছে, আগামী ৩০ জুলাই পর্যন্ত ইরানে মার্কিন সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হবে, তবে এর ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করতে হবে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শেষ হয়েছে’-এমন দাবিকে কার্যত প্রত্যাখ্যান করা হলো।
সেনাবাহিনীর সাবেক সদস্য টম ব্যারেট জানান, কংগ্রেসের সাংবিধানিক অধিকার প্রয়োগ এবং চলমান যুদ্ধে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বিল আনা হয়েছে।
বিলে স্পষ্ট করে বলা হয়েছে, ইরানে বড় ধরনের কোনো স্থল অভিযান চালানো যাবে না। কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, মার্কিন বাহিনীর ওপর আসন্ন হুমকি মোকাবিলা, বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রাখা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করতেই শক্তি প্রয়োগ করা যাবে।
টম ব্যারেট এক বিবৃতিতে বলেন, ‘কমান্ডার ইন চিফ হিসেবে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। কিন্তু যুদ্ধের ময়দানে আমি আমার অনেক বন্ধুকে হারিয়েছি। তাই যুদ্ধের লক্ষ্য এবং সময়সীমা নির্ধারণে কংগ্রেসের সাংবিধানিক ভূমিকা পালনের বিষয়টি আমি নিশ্চিত করতে চাই।’
উল্লেখ্য, গত ১ মে মার্কিন আইনি বাধ্যবাধকতার ৬০ দিনের সময়সীমা শেষ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ৭ এপ্রিলের যুদ্ধবিরতির ফলে সংঘাত শেষ হওয়ায় তার আর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।
তবে ট্রাম্পের এই দাবি সত্ত্বেও হরমুজ প্রণালিতে এখনো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনাও ঘটেছে।
টম ব্যারেটের পাশাপাশি আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কিও ইরানে সামরিক কর্মকাণ্ডের সময়সীমা নির্ধারণে একটি খসড়া বিল তৈরির কথা জানিয়েছেন। রিপাবলিকানদের মধ্যেই এই যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ পাচ্ছে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
আরআই/ এসএন