পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? সিদ্ধান্ত শুক্রবারেই
ছবি: সংগৃহীত
১২:৩০ পিএম | ০৮ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পর এবার শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। আর সেই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন— বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? সেই সিদ্ধান্তই চূড়ান্ত হতে পারে আজ।
ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। গত এক দশকে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্বে বহুবার পশ্চিমবঙ্গে এলেও এবার তার সফরের গুরুত্ব আলাদা। কারণ, বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের পর নতুন সরকার গঠনের মূল দায়িত্ব এখন তার কাঁধে।
দলীয় সূত্রের দাবি, বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন অমিত শাহ। যদিও দলের একাংশের ধারণা, সম্ভাব্য মন্ত্রিসভার খসড়া আগেই প্রস্তুত করা হয়েছে। শুক্রবারের বৈঠক মূলত আনুষ্ঠানিকতা মাত্র।
বিজেপির ভেতরে এখন উৎসবের পাশাপাশি চাপা উদ্বেগও কাজ করছে। কে মন্ত্রী হচ্ছেন, কে বাদ পড়ছেন— তা নিয়ে জল্পনা তুঙ্গে। এক জয়ী বিজেপি বিধায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এত চাপ জীবনে অনুভব করিনি। সবাই বলছে তালিকায় নাম আছে, আবার কেউ বলছে শেষ মুহূর্তে বদল হতে পারে।”
আরেক জয়ী প্রার্থীর ভাষ্য, “বাংলায় এতদিন হারতেই অভ্যস্ত ছিলাম। এবার জয়ের সুযোগ এসেছে, তাই মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আশা করাটাও স্বাভাবিক।”
শুক্রবার দুপুরে বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং সাংগঠনিক নেতা অমিতাভ চক্রবর্তী।
দলীয় রীতি অনুযায়ী, জয়ী বিধায়কদের মতামত নেওয়ার পর পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। তিনিই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কারা পাবেন, তা নিয়েও প্রাথমিক আলোচনা শেষ। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের মতামতও গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার কলকাতার ব্রিগেডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহসহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
এদিকে বৈঠকের আগে অমিত শাহের সঙ্গে পৃথকভাবে আলোচনা করতে পারেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েই সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : এই সময়
এসএন