টোল পরিশোধ না করেই হরমুজ পার হলো জাপানের ৩ জাহাজ
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ০৮ মে, ২০২৬
কোন প্রকার টোল পরিশোধ ছাড়াই হরমুজ প্রণালি পার হয়েছে জাপানের তিনটি জাহাজ। জাপানের শীর্ষ শিপিং কোম্পানি মিতসুই ও.এস.কে. লাইনস (এমওএল) জানিয়েছে, এপ্রিল মাসে টোল পরিশোধ না করেই হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে জাহাজগুলো নিরাপদে বের হয়ে এসেছে।
শুক্রবার (৮ মে) কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে তেহরানের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর ফি বা টোল আরোপের বিষয়টি উঠে আসে। তবে এমওএল স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের ফি পরিশোধের পরিকল্পনা করছে না।
রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে কোম্পানির এক মুখপাত্র বলেন, আমরা আমাদের নাবিক, জাহাজ ও পণ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাব।
বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। স্বাভাবিক সময়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করে।
ইউটি/টিএ