© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কেসি বেনুগোপাল, আগামী সপ্তাহে শপথ

শেয়ার করুন:
কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কেসি বেনুগোপাল, আগামী সপ্তাহে শপথ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ০৮ মে, ২০২৬
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেসি বেনুগোপাল। আগামী সপ্তাহে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। কংগ্রেস সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন মতে, আজ শুক্রবার দলীয় পর্যবেক্ষক অজয় মাকেন এবং মুকুল ওয়াসনিক দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে একটি প্রতিবেদন জমা দেন। তাতে মাকেন ও ওয়াসনিক জানিয়েছেন, নবনির্বাচিত বিধায়ক, জোটসঙ্গী এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে চায়।

বেনুগোপাল ছাড়াও সম্ভাব্য নামের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসান এবং অভিজ্ঞ নেতা রমেশ চেন্নিথালা। তবে ৬৩ বছর বয়সি বেনুগোপালই সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আলাপ্পুঝা লোকসভা আসনের সাংসদ। মুখ্যমন্ত্রী হলে তাকে সেই সংসদ সদস্য পদ ছাড়তে হবে।

দলীয় কর্মীরা প্রকাশ্যেই বেনুগোপালকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)–এর জয়ের ‘মূল কারিগর’ হিসেবে তুলে ধরছেন। কংগ্রেস ও এর যুব সংগঠনের কার্যালয়ের বাইরে তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে পোস্টারও লাগানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠান সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন। এছাড়া তামিলনাড়ুতে সরকার গঠনের চেষ্টায় এগিয়ে থাকা অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (ডিএমকে) বিরুদ্ধে লড়াই করলেও পরে কংগ্রেস বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগামের (টিভিকে) সঙ্গে নির্বাচন-পরবর্তী জোটে যায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের মিত্র ডিএমকের সঙ্গ ত্যাগ করে। নির্বাচনে কংগ্রেস ৫টি আসন জিতেছে।

এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি কম পায়। ফলে সরকার গঠনের জন্য অন্য দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে টিভিকে। অন্যদিকে কেরালায় কংগ্রেসের এমন কোনো সমস্যা নেই। ১৪০ সদস্যের বিধানসভায় ইউডিএফ বড় জয় পেয়েছে। কংগ্রেস একাই ৬৩টি আসন জিতেছে এবং মিত্রদের নিয়ে জোটের মোট আসন দাঁড়িয়েছে ১০২। এর মধ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) পেয়েছে ২২টি এবং কেরালা কংগ্রেস পেয়েছে ৭টি আসন।

বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন–এর নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট মাত্র ৩৫টি আসন পেয়েছে। পিনারাই বিজয়নকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে।


ইউটি/টিএ

মন্তব্য করুন