© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ পিএম | ১১ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতন মুখ্যমন্ত্রী শুভেন্দ অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন সন্দেহভাজন বিহার ও উত্তর প্রদেশের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাদেরকে ১৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার (১০ মে) মধ্যমগ্রাম পুলিশ তিনজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করে। পুলিশ কলকাতার নিকটবর্তী একটি টোল বুথে সন্দেহভাজনদের করা একটি ইউপিআই পেমেন্টের সন্ধান পায়। তারই সূত ধরে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১১ মে) সকালে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘গত বুধবার (৬ মে) মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিহারের বক্সার থেকে মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্যকে এবং উত্তর প্রদেশের বল্লিয়া থেকে তৃতীয় সন্দেহভাজন রাজ সিংকে আটক করা হয়। তিনজনকেই জিজ্ঞাসাবাদের পর মধ্যমগ্রাম থানার কর্মকর্তারা গ্রেপ্তার করেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘তিন অভিযুক্তকে পশ্চিমবঙ্গে এনে আজ সোমবার (১১ মে) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত আদালতে হাজির করা হয়। তাদের ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।’ বারাসাত আদালত পুলিশকে আগামী ২৪ মে তাদের ফের হাজির করার নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।

পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডে আরও অনেকে জড়িত এবং এটা প্রশিক্ষিত ঘাতকদের কাজ, যারা এই ঘটনার পরিকল্পনা আগেই করেছিল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসার দুদিন পর গত বুধবার (৬ মে) হত্যাকাণ্ডটি ঘটে যা ব্যাপক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

ওইদিন রাত ১০টার দিকে চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে তিনবার গুলি করা হয়। এরপর তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত নকল নম্বর প্লেটযুক্ত একটি গাড়ি ও একটি বাইক জব্দ করে পুলিশ।

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচন পরবর্তী সবগুলো হত্যার ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে দলটি।  

এসকে/টিকে

মন্তব্য করুন