পশ্চিমবঙ্গে ৫ বছর বাড়ল সরকারি চাকরিতে আবেদনের বয়স
ছবি: সংগৃহীত
০১:১৫ এএম | ১২ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, বিএসএফ-কে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরু করার মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে।
আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দীঘি থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৫ সালের পর রাজ্যে উল্লেখ্যযোগ্য নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত যুবক-যুবতীর আবেদনের বয়স পেরিয়ে গেছে। তাদের কথা বিবেচনা করেই আবেদনের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মন্ত্রিসভা তা মঞ্জুর করেছে।
সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ- এর প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তর করা হবে।
তিনি বলেন, বিএসএফ যতটা জমি চেয়েছে, আমরা ততটাই দেব। পূর্বতন সরকারের অনীহা ও অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার মানসিকতার কারণে ভূমি দপ্তরকে কাজ করতে দেওয়া হয়নি। এমনকি উচ্চ আদালতের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছি।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী সোমবার (১৮ মে) পরবর্তী ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আর.জি. কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার, নারী নির্যাতন রোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন পে-কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এসকে/টিকে