© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবকাঠামোতে হামলা হলে কঠোর জবাব দেবে ইরান : নিরাপত্তা প্রধান

শেয়ার করুন:
অবকাঠামোতে হামলা হলে কঠোর জবাব দেবে ইরান : নিরাপত্তা প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৭ এএম | ১১ জুলাই, ২০২৬
ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ও কঠোর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর।  শুক্রবার (১০ জুলাই) তিনি এই কড়া বার্তা দেন।

তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মোহাম্মদ বাকের জোলঘাদর বলেন, ‘আমাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। এসব অপরাধের জন্য দায়ী অপরাধী জায়নবাদী শাসনব্যবস্থা আমাদের যোদ্ধাদের পাল্টা হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না।’ 

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা শুরু হয়। এর আগে, গত ১৭ জুন উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল এপ্রিলের যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং চলমান যুদ্ধের একটি স্থায়ী অবসানে আলোচনার পথ সুগম করা। তবে সাম্প্রতিক উত্তেজনার পারদ সেই প্রক্রিয়াকে আবারও জটিল করে তুলেছে।

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়ে ৯০টি সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করে।

তবে ইরান অভিযোগ করেছে, ওয়াশিংটন শুধু সামরিক স্থাপনাই নয়, বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে, যাতে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনকে আড়াল করা যায়।

ইরানের দাবি, রাজধানী তেহরান থেকে খামেনির জন্মশহর মাশহাদের মধ্যে সেতু ও রেল যোগাযোগে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার মাশহাদে খামেনিকে দাফন করা হয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।

আরআই/টিকে

মন্তব্য করুন