ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে: প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত
০৬:৪৭ পিএম | ২০ আগস্ট, ২০২৬
ভারতে ‘ফ্যাসিবাদী শাসনের’ অবসান ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দক্ষিণী চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ। তরুণদের বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এবার তরুণরা ‘শিকারিকে চিনে গেছে’ এবং তারা আর ভয় পাচ্ছে না।
বৃহস্পতিবার কেরালার ত্রিশূরে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়ার (ডিওয়াইএফআই) রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রকাশ রাজ।
তরুণদের প্রতিবাদের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, দেশের তরুণরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিয়েছে যে তারা এখন তাকে এবং তার রাজনীতিকে চিনতে পেরেছে। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের মতো ইস্যুতে তরুণদের প্রতিবাদ প্রথমবারের মতো মোদির ‘অহংকারে আঘাত’ করেছে।
প্রকাশ রাজ বলেন, “এই দেশের তরুণরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছে- ‘এবার আমরা আপনাকে চিনেছি।’ প্রথমবারের মতো তারা তার অহংকারে আঘাত করেছে।”
তার ভাষ্য, তরুণরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ভয় পাচ্ছে না এবং সরকারের রাজনীতি তারা বুঝতে পারছে।
অতীতে কৃষক, শ্রমিক ও সরকারি কর্মচারীদের বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন প্রকাশ রাজ। তার মতে, অনেকেরই চাকরি, জমি কিংবা জীবিকা হারানোর আশঙ্কা থাকায় আন্দোলন দীর্ঘস্থায়ী করা কঠিন হয়ে পড়ে। কিন্তু তরুণদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন তিনি।
প্রকাশ রাজ বলেন, “এই তরুণদের হারানোর মতো কিছু নেই।”
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, একসময় সেখানে প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছিল এবং রাজধানীর বিভিন্ন রাস্তায় আরও কয়েক লাখ মানুষ প্রতিবাদে নেমেছিল।

তার দাবি, তরুণরা প্রথমবারের মতো দিল্লিতে গিয়ে সংসদের দিকে এগিয়ে যেতে চেয়েছিল এবং তাদের প্রতিবাদের প্রভাব সংসদেও পড়েছিল।
তরুণদের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে সহিংসতার পরিবর্তে প্রশ্ন তোলার মানসিকতাকে উল্লেখ করেন প্রকাশ রাজ।
তিনি বলেন, “আমি গর্বিত যে তরুণরা সহিংসতার পথে যায়নি। তারা প্রশ্ন করতে চেয়েছে।”
এরপরই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের আশাবাদ প্রকাশ করেন এই অভিনেতা। প্রকাশ রাজ বলেন, “আজ যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এক দশকের মধ্যে প্রথমবারের মতো আমি আরও আত্মবিশ্বাসী যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে।”
তরুণদের আন্দোলনে অভিভাবকদের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাবা-মায়েরাও এই প্রতিবাদকে সমর্থন করছেন বলে মন্তব্য করেন প্রকাশ রাজ।
তবে শুধু বিজেপি বা বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না বলেও সতর্ক করেছেন প্রকাশ রাজ।
তার মতে, বিকল্প রাজনৈতিক শক্তি বেছে নেওয়ার ক্ষেত্রেও জনগণকে সচেতন হতে হবে। অন্যথায় ভিন্ন কোনো রূপে একই ধরনের ‘ফ্যাসিবাদী’ শক্তি আবার ক্ষমতায় আসতে পারে।
প্রকাশ রাজ বলেন, “এই দেশের কোনো বিরোধী দল বিজেপিকে নামিয়ে দিতে পারবে না। কারণ রাজনীতিতে বিরোধীরা জেতে না, ক্ষমতাসীনরাই হারে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু বর্তমান সরকারকে সরানোর আন্দোলন করলেই হবে না; বিকল্প হিসেবে কাকে বেছে নেওয়া হচ্ছে, সে বিষয়েও রাজনৈতিক সচেতনতা তৈরি করতে হবে।
প্রকাশ রাজের মতে, তার লক্ষ্য কোনো তাৎক্ষণিক রাজনৈতিক জয় নয়। বরং ন্যায়বিচারের জন্য লড়াই করা এবং একটি ভালো সমাজ তৈরির চেষ্টা করাই তার কাছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “শুধু ফ্যাসিবাদীদের সরিয়ে দেওয়া যথেষ্ট নয়; সচেতনতা তৈরি করতে হবে। আমি এখানে জিততে আসিনি। আপনি যখন জিততে চান, তখন ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু আমার কাছে ন্যায়বিচারের জন্য লড়াই করা এবং একটি ভালো সমাজ তৈরির চেষ্টা করাই জীবনযাপনের অংশ।”
তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রকাশ রাজ বলেন, আগের প্রজন্মের তৈরি ক্ষতি তাদেরই মেরামত করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতি কেবল একটি রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে আরও দীর্ঘ একটি যাত্রার সূচনা। টেলিগ্রাফ ইন্ডিয়া
এমআই/টিএ