দীর্ঘ ২১ বছর পর আবারও একই গানে কুমার শানু ও উদিত নারায়ণ
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
দীর্ঘ ২১ বছর পর আবারও একই হিন্দি সিনেমার গানে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। সানি দেওল অভিনীত ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ সিনেমার ‘সুনিয়ো জরা’ গানে একসঙ্গে গেয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর এই পুনর্মিলনে দুজনই আনন্দিত বলে জানিয়েছেন কুমার শানু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শানু বলেন, এর আগে আমরা একসঙ্গে অনেক গান করেছি। মাঝে দীর্ঘ বিরতি থাকলেও আবার একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। উদিত নারায়ণও এ নিয়ে আনন্দিত।
দীর্ঘদিন একসঙ্গে গান না করলেও আমাদের বন্ধুত্বে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানান শানু। তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেক পুরোনো। তা এখনো অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যখন একসঙ্গে বসি, তখন অনেক হাসি-ঠাট্টা করি এবং রেকর্ডিংয়ের দিনগুলোর পুরোনো স্মৃতি নিয়ে কথা বলি।’ আনন্দঘন পরিবেশেই সাম্প্রতিক গানটির রেকর্ডিং হয়েছে।
কুমার শানু বলেন,‘সুনিয়ো জরা’ গানে উদিত নারায়ণ আমার সহশিল্পী থাকবে, তা শুরুতে আমি জানতাম না। পাকুল স্যারের বাড়িতে ডাকা হয়েছিল। সেখানে সিনেমার গানটি সম্পর্কে জানার পর আমি জানতে পারি, উদিত নারায়ণও আমার সঙ্গে গাইছেন। বিষয়টি জেনে আনন্দিত হয়েছি।
‘সুনিয়ো জরা’র পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের জন্য উদিত নারায়ণকে নিয়ে ‘তেরি মেরা ইয়ারানা’ শিরোনামে আরও একটি গান রেকর্ড করেছেন শানু। প্রায় ১০ থেকে ১২ দিন আগে গানটির রেকর্ডিং হয়েছে। শানুর অনুরোধে উদিত এতে কণ্ঠ দিতে রাজি হন। গানটির একটি ভিডিও প্রকাশের পরিকল্পনাও রয়েছে, যেখানে বন্ধুদের সঙ্গে তার কাজের মুহূর্তগুলো দেখা যাবে।
দীর্ঘ বিরতির পর দুই শিল্পীর একসঙ্গে গান গাওয়ার খবরে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। নতুন এই গান তাদের কাছে নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতের স্মৃতি ফিরিয়ে আনার উপলক্ষ হয়ে উঠেছে।
এসএ/