© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারিয়ারের শুরুর দিকে বকা শুনতে হয়েছে অমিতাভ বচ্চনকে!

শেয়ার করুন:
ক্যারিয়ারের শুরুর দিকে বকা শুনতে হয়েছে অমিতাভ বচ্চনকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ২০ আগস্ট, ২০২৬
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন আজ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সিনেমায় কাজ করছেন।

তবে আজকের এই অবস্থানে আসার পথটা তার জন্য মোটেও সহজ ছিল না। সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর একটি বিশেষ পর্বে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথা বলেন অমিতাভ।

সেখানে ২০২৬ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লভলিনা বরগোহাইন, ঝান্ডু কুমার, শর্মিলা ধানকর ও অস্মিতা দে তার সঙ্গে কথা বলেন। কথার একপর্যায়ে অস্মিতা অমিতাভকে জিজ্ঞেস করেন, অভিনয়ের সময় বা শুটিং সেটে তিনি কখনো বকা খেয়েছেন কি না। খেলোয়াড়রা অনুশীলনের সময় ভুল করলে যেমন কোচের বকা খান, সেটার সঙ্গে মিলিয়েই তিনি প্রশ্নটি করেন। অমিতাভ তখন জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অনেক বকা শুনতে হয়েছে।



তিনি বলেন, তাকে এমন কথাও শুনতে হয়েছিল- ‘তুমি কিছুই জানো না, অভিনয়ও জানো না। তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও।’ অমিতাভ জানান, পরে যখন তিনি সিনেমায় কাজের সুযোগ পেতে শুরু করেন, তখনো তার সমস্যা শেষ হয়নি।

পরিচালকরা তার অভিনয়ের ভুল ধরিয়ে দিতেন। কোথায় দাঁড়াতে হবে, কিভাবে ডায়লগ বলতে হবে- সবকিছুই তাকে শেখানো হতো। তিনি বলেন, কখনো তাকে বলা হতো, ‘ওখানে দাঁড়িয়ে ডায়লগ বলো।’ এরপর ডায়লগ বলার পর পরিচালকরা আবার জিজ্ঞেস করতেন, এভাবে কি ডায়লগ বলা যায়?

ভুল হলে তাকে বকা দেওয়া হতো এবং ঠিক করে দেওয়া হতো। অমিতাভ বলেন, এভাবেই ধীরে ধীরে তিনি শিখেছেন এবং নিজের অভিনয় উন্নত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকের আরেকটি ঘটনাও মনে করেন অমিতাভ। তিনি বলেন, সাধারণত তিনি শুটিংয়ে সময়মতো পৌঁছানোর চেষ্টা করতেন। কিন্তু একবার শুটিংয়ে যেতে তার দেরি হয়ে যায়।



তখন অমিতাভের নিজের কোনো গাড়ি ছিল না। তাই অন্য একজনের গাড়িতে করে তিনি শুটিং সেটে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, পরিচালক সেটের বাইরে দাঁড়িয়ে আছেন। অমিতাভকে দেখেই পরিচালক জানান, সেদিনের শুটিং শেষ করে দেওয়া হয়েছে। এরপর পরিচালক তাকে বলেন, ‘এখান থেকে বের হয়ে যাও।’ অর্থাৎ, দেরি করে আসায় তাকে সেদিন শুটিং না করেই চলে যেতে হয়েছিল।

কিন্তু এসব সমস্যায় থেমে যাননি তিনি। পরিচালকদের বকা ও ভুল ধরিয়ে দেওয়াকে তিনি নিজের শেখার অংশ হিসেবে নিয়েছেন। ধীরে ধীরে অভিনয় শিখেছেন এবং নিজের জায়গা তৈরি করেছেন। আজ সেই অমিতাভ বচ্চনই হিন্দি সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন।

কাজের দিক থেকে অমিতাভ বচ্চনকে পরবর্তীতে প্রভাসের সঙ্গে ‘কালকি ২’ সিনেমায় দেখা যাবে।

এসএ/টিএ


মন্তব্য করুন