© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রহস্যময় পোস্টারে ‘আন্ধার’

শেয়ার করুন:
রহস্যময় পোস্টারে ‘আন্ধার’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ২০ আগস্ট, ২০২৬
বেশ কিছুদিন আগে অ্যানাউন্সমেন্টের সময় প্রকাশ হয়েছিল সিনেমার একটি সম্ভাব্য দৃশ্য; এর পর একে একে প্রকাশ্যে আসতে থাকে চরিত্রগুলোর লুক। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ হতেই যেমন রহস্য আরও ঘনীভূত হয়েছে, তেমনই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এর মুক্তির প্রহরও।  

প্রকাশিত পোস্টারে এক রহস্যময় আবহে সাদা পোশাকে চরিত্রগুলোকে দেখা গেছে। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে এক বিশাল পাথরের বেদির ওপর সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার ও ফররুখ আহমেদ রেহানদের চরিত্রগুলো। 

তাদের পেছনে এক অলৌকিক আলোর বলয় বা সূর্যগ্রহণ সদৃশ চক্র জ্বলজ্বল করছে। সাধারণত ভৌতিক বা থ্রিলার ঘরানার চলচ্চিত্রে যে ভীতিকর আবহের ব্যবহার দেখা যায়, পোস্টারজুড়ে তা-ই মূল রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেটিজেনদের মাঝে।



পোস্টারটি রায়হান রাফী, সিয়াম আহমেদরা প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শকেরা উন্মুখ হয়ে আছেন এখন টিজারের অপেক্ষায়। অনেক নেটিজেন পোস্টারটি শেয়ার করে আন্তর্জাতিক সিনেমাগুলোর সঙ্গেও তুলনা টানছেন।

এর আগে রায়হান রাফী, সিয়াম আহমেদ- তাদের ফেসবুকে ‘০৭:০৭’ লিখে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল উসকে দিয়েছিলেন। ভক্তরা ভাবছিলেন এটি টিজার অথবা ট্রেলারের বার্তা! শেষ পর্যন্ত রাত ৭টা ৭ মিনিটেই পোস্টারটি সামনে এনে সেই রহস্যের উন্মোচন করা হয়। 

শোনা যাচ্ছে, দেশের সিনে অঙ্গনে এটি একটি বিগ বাজেটের সিনেমা। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা তুলে এনেছেন এর গল্প। একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। এ চলচ্চিত্রে সিয়াম, তুষি ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। পোস্টারেই জানানো হয়েছে, আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এসএ/টিএ



মন্তব্য করুন